সময়ই বলে দেবে কে হামলা চালিয়েছে : মাহী
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী বলেছেন, ‘আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। কিন্তু রাজি না হওয়ায় এ হামলা হয়েছে। আমার উপর কে বা কাদের নির্দেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তা সময়ই বলে দেবে।’ রোববার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহী সাংবাদিকদের একথা বলেন।
এর আগে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর সাতরাস্তা মোড়ে বিজি প্রেসের সামনে তার ওপর হামলার এ ঘটনা ঘটে। এতে তিনি তার স্ত্রী আশফাহ্ হক লোপা ও তার গাড়ির চালক আহত হয়েছেন।
এ ঘটনায় তেজগাঁও থানায় মাহী একটি অভিযোগ লিখেছেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
হাসপাতালের বেডে শুয়ে মাহী জানান, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি। অনুষ্ঠান শেষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হয়ে বারিধারার বাসায় ফিরছিলেন।
বিজি প্রেসের সামনে সিটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে গাড়িটি কিছু দূর এগিয়ে যেতেই ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। এরপর দুর্বৃত্তরা লাঠি দিয়ে পেটাতে থাকে ও মাথার চুল ধরে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে।
তিনি জানান, এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাকে উদ্দেশ্য করে এক দুর্বৃত্ত বলে ‘তোর নির্বাচন করার সখ কেন’? গাড়ির পেছনের কাঁচ ভেঙে তার স্ত্রীকেও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে দাবি করেন মাহী।
দুর্বৃত্তদের হামলায় তার বাম হাত ও চোখে এবং চালক শহীদ মণ্ডলকে ডান কাঁধে আঘাত করে। মাহী জানান, ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
মাহী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সব সাবেক রাষ্ট্রপতির বাসায় সরকার পুলিশি নিরাপত্তা দেয়ার নিয়ম। কিন্তু বি. চৌধুরীর বাড়িতে কোনো পুলিশ দেওয়া হয় নাই।’
ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে আনিসুল হক না তাবিথ আউয়াল জড়িত তা সময়ই বলে দিবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। নির্বাচন থেকেও সরে দাঁড়াব না। এসময় তিনি বলেন, নির্বাচনে আছি, থাকব, ইনশা আল্লাহ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী উপর হামলার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ওই হামলার ঘটনায় মাহী ও তার স্ত্রীসহ চারজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় মাহী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
## মাহীর গাড়িতে হামলা, আহত ৩
জেইউ/বিএ/পিআর