নির্বাচনের আগেই পরাজয় মানছেন খালেদা : সুরঞ্জিত
সিটি নির্বাচনের আগেই সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরাজয় মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
চলমান রাজনৈতিক বিষয় নিয়ে নৌকা সমর্থকগোষ্ঠী নামে একটি সংগঠন এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সুরঞ্জিত আরও বলেন, খালেদা জিয়া পরিকল্পিতভাবে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছেন। অশান্ত পরিবেশ তৈরি করে এখন তিনি বলতে চাইছেন `ভিক্ষার দরকার নেই, মাগো তোর কুত্তা সামলা`।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা সরব না হয়ে নীরব বিপ্লবের কথা বলেছেন, কিন্তু মানুষ খালেদা জিয়ার কথায় আর ভরসা পায় না। মানুষ বুঝে গেছে সিটি নির্বাচনে খালেদা কোনো সুবিধা করতে পারবেন না, এ কারণেই খালেদা সন্ত্রাস সৃষ্টি করছেন। বিএনপির সন্ত্রাসীরাই মাহী বি. চৌধুরী ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৌকা সমর্থকগোষ্ঠীর সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাজ্জাদ হোসাইন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মোতালিব, কৃষকলীগ নেতা আব্দুল হাই কানন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ডা. এমদাদুল হক সেলিম।
এএসএস/বিএ/পিআর