প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ১৪ দল। ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিল পাসের ঘটনাকে শেখ হাসিনার কূটনৈতিক বিজয় মনে করে ১৪ দল এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সভা শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।
নাসিম বলেন, ৬২ বছর পর সীমান্ত অঞ্চলের মানুষ পূর্ণ স্বাধীনতা পেয়েছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তার সফল কূটনৈতিক চেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে। এর জন্য নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং ভারতের জনগণকে সাধুবাদ জানাই। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, তা এই উদারতার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো। আলোচনার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক যেকোনো সমস্যার সমধান করা সম্ভব।
তিনি আরো বলেন, একইভাবে আমরা ব্রিটিশ পার্লামেন্টে তিন বাংলাদেশি কন্যার বিজয়কেও স্বাগত জানাচ্ছি। তারা কোনো না কোনোভাবে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছেন। ১৪ দল তাদেরকেও সংবর্ধনা দেয়ার ব্যাপারে আন্তরিক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী অকৃতজ্ঞ বলেই শেখ হাসিনাকে অভিনন্দন না জানিয়ে শুধুমাত্র নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বোকার স্বর্গে বাস করেন বলেই বিষয়টি অনুধাবন করতে পারেননি। শেখ হাসিনার চেষ্টার কারণেই যে এটি সম্ভব হলো, তা খালেদা জিয়া রাজনীতির কারণেই মানতে নারাজ। বেগম জিয়া বাংলাদেশের জনগণকেও অসম্মান করেছেন।
ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, এটি দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষ দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথমন্ত্রী হাসানুল হক ইনু, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাম্যবাদী দলের সভাপতি দিলিপ বড়ুয়া বক্তব্য রাখেন। এ সময় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/এসএইচএস/বিএ/আরআইপি