স্বামীকে দেখতে ভারতের পথে হাসিনা
স্বামীকে দেখতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এর পথে রওনা হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। রোববার রাত ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ২২৯ নম্বর ফ্লাইটের একটি বিমানে করে তিনি আসাম হয়ে শিলংয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছেন। তার সঙ্গে রয়েছেন পরিবারের আরো দুই সদস্য।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়াং উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এরইমধ্যে শিলংয়ে পৌঁছেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি। তিনি সেখান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, শিলংয়ের হাসপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিনের স্মৃতিভ্রম সমস্যা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার দুই মাস পর মেঘালয়ে হদিস মেলে সালাহউদ্দিনের। সেখানে শিলংয়ের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
খোঁজ মেলার পর ৫৪ বছর বয়সী সালাহউদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেছেন, গত ১০ মার্চ অচেনা একদল লোক উত্তরার একটি বাড়ি থেকে তাকে তুলে নেয়ার পর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। সিলেট সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বের শিলংয়ে কীভাবে এলেন, তাও তিনি বলতে পারেননি।
গত মার্চে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবার। এর পর গত ১২ মে শিলং থেকে স্বামীর ফোন পাওয়ার কথা জানান সালাহ উদ্দিনপত্নী হাসিনা আহমেদ।
শিলং পুলিশ জানিয়েছে, অসংলগ্ন আচরণের কারণে তাকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলাও হয়েছে সেখানে। তবে অসুস্থতার কারণে গতকাল শনিবার তাকে আদালতে তোলা হয়নি।
এমএম/এসআরজে