জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ৩০ মে ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  শনিবার রাজধানীতে মিলাদ মাহফিল, জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।

শনিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার চত্ত্বরে কোরানখানী ও মিলাদ মাহফিলে শরীক হন খালেদা জিয়া। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।