শিগগিরই ইতালি বিএনপির সম্মেলন
ইতালি বিএনপিকে পুনর্গঠনের জন্য তৃণমূল নেতাদের সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছেন রোমে। দলকে সুসংগঠিত করতে দুই দিনব্যাপি সম্মেলনের মাধ্যমে আগামী কমিটিতে ইতালি বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নেতারা।
সভাপতি-সাধারণ সম্পাদকসহ আপাতত পাঁচটি পদে কেন্দ্র থেকে নির্বাচিত করে ইতালি বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানান লন্ডন থেকে আগত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান মুহিত।
সম্মেলন-২০১৫ কে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে পদ পাবার আশায় জোড়ালোভাবে স্থানীয় পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রত্যাশিত পদ চেয়ে প্রচার করেছেন। গত ৭ ও ৮ জুন দুই দিনব্যাপি সম্মেলন রোমের লা কুইলা হল ও স্থানীয় একটি বার হলে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
লন্ডনে অবস্থিত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ইতালি বিএনপির কমিটির পাঁচটি পদ শিগগিরই ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় নেতারা জানান। এর কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলেও জানান লন্ডন থেকে আগত নেতারা।
দীর্ঘ আট বছর ধরে ইতালিতে কোনো সম্মেলন হয়নি। ফলে নেতৃত্বের কোনো পরিবর্তন না হওয়ায় কেন্দ্র থেকে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় গত বছরের ৮ নভেম্বর। পরে মূল বিএনপির কার্যক্রম চললেও কমিটি ছিল নেতৃত্ব শূন্য। নেতৃত্ব শূন্য কমিটিতে নেতাকর্মীরা দলের স্বার্থে কাজ করতে আগ্রহ বাড়াতে কেন্দ্র থেকে পুরাতন কমিটি বিলুপ্তি করার সিন্ধান্ত নিয়ে নতুন কমিটি করার সিন্ধান্ত নেয়।
সম্মেলনের ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিত বলেন, নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে তাদের মতামত জানতে তৃণমূল নেতাদের পরামর্শ নেয়া হচ্ছে। দলের ভুলত্রুটি শুধরিয়ে দলকে সুসংগঠিত করার জন্য এ পরামর্শ বিষয়ক সম্মেলন শুরু হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে ইতালি বিএনপির অনেক নেতারা এখন লন্ডনে অবস্থান করছেন ফলে এখানে অনেক পদ শূন্য রয়েছে। তাছাড়া এবার শর্ত সাপেক্ষে পদবী দেয়া হবে। তাদেরকেই প্রধান্য দেয়া হবে যারা দলের কার্যক্রম চালিয়ে ইতালিতে অবস্থান করছে।
নতুন কমিটির সভাপতি সম্ভাব্য প্রার্থীরা হলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লকিৎ উল্লাহ, সাবেক সহ-সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, মোজ্জামেল হক দীপু, সাবেক আইনবিষয়ক সম্পদক এম কামরুজ্জামান প্রমুখ।
সাধারণন সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দারকার নাসির উদ্দীন, তরুণদের মধ্যে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী নাছির উদ্দীন, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হীরাসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে।
তবে সম্ভাব্য প্রার্থীরা সবাই ফরম পূরণ করে জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। কে পাচ্ছেন ইতালি বিএনপির দায়িত্ব। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে যেমন হতাশা তেমনি আবার আনন্দেরও সীমা নেই অনেকের মাঝে।
নবীন প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন হবে বলে কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতালি বিএনপির নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন।
বিএ/আরআই