সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি চলছে
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি চলছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এ দিকে, সর্বোচ্চ আদালতে সালাহউদ্দিন কাদেরের পক্ষে নেতৃত্বে রয়েছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষের নেতৃত্বে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মোট ২৩টি অভিযোগের মধ্যে ১৭টির পক্ষে সাক্ষী হাজির করেন রাষ্ট্রপক্ষ। এগুলোর মধ্যে মোট ৯টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে। বাকি আটটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপক্ষ যে ছয়টি অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণ হাজির করেনি সেগুলো থেকেও সাকা চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।
এসকেডি/এমএস