সিপিবিকে জনভিত্তি সম্পন্ন পার্টি হিসেবে গড়ে তোলার আহ্বান
বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) ঢাকা শহরে জনভিত্তি সম্পন্ন পার্টি হিসেবে গড়ে তোলার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার সিপিবি ঢাকা কমিটির সভায় এ আহ্বান জানান তিনি।
পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাবলু, জাহিদ হোসেন খান, সুকান্ত শফি চৌধুরী প্রমুখ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। একটি সিন্ডিকেট এটি করে গেলেও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, যানজট-জলাবদ্ধতা, খাদ্যে ভেজাল -এর কারণে মানুষ অতিষ্ঠ।
সভায় নেতারা বলেন, ঢাকা শহরের মানুষ টাকা দিয়েও খাবার পানি পাচ্ছে না। ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত ময়লা। এটা খাবার তো দূরের কথা অন্য কোনো কাজেও ব্যবহার করা যায় না। নেতারা পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাবদ চার্জ না বাড়ানোর জন্য ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানান।
ঢাকার যানজটের জন্য দায়ী প্রাইভেট কার আমদানী বন্ধের জন্য দাবিও জানান বক্তারা।
একে/পিআর