সংসদীয় কাজে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান স্পিকারের


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ মার্চ ২০১৬

বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাজে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদীয় স্থায়ী কমিটি কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত মেনেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) চালুর সময় এ আহ্বান জানান তিনি।

সোমবার সিস্টেমটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত আলী, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বক্তৃতা করেন। এসময় অন্যান্য স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ এমপিরা উপস্থিত ছিলেন।   

সংসদের কার্যপ্রণালী বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ এমআইএস কার্যক্রম সংসদীয় কমিটির কার্যক্রমকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে স্পিকার বলেন, এর মাধ্যমে সংসদের কার্যক্রম ডিজিটাইজেশনের দিকে আরো এক ধাপ এগুবে। তিনি বলেন, এমআইএস পদ্ধতি প্রথমে ফাইনান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোতে চালু করা হবে। ফাইনান্সিয়াল ওভারসাইট কমিটির আওতায় তিনটি আলাদা ওয়েবসাইট ডেভলপ করা হবে। এর মাধ্যমে সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পরবর্তিতে এ পদ্ধতি অপরাপর সব কমিটি কার্যক্রমে চালু করা হবে।  

শিরীন শারমিন বলেন, এমআইএস সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর সঙ্গে যুক্ত থাকবে এবং এর মাধ্যমে কমিটির সভায় নোটিশ, প্রেস রিলিজ, কমিটি রিপোর্ট, ফলো আপ রিপোর্ট তাৎক্ষনিকভাবে প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে যাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে তারা তাদের দক্ষতা ও মেধা দিয়ে কমিটি কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন/পরিবর্ধনের মাধ্যমে এ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবেন।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।