কবর থেকে তোলা হয়েছে তনুর লাশ


প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩০ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জেলার মুরাদনগরের মির্জাপুরে পারিবারিক কবরস্থান থেকে বুধবার বেলা পৌনে ১১টায় তনুর লাশ উত্তোলন শুরু করা হয় এবং ১১ টা ৪০ মিনিটে লাশ উত্তোলন শেষ হয়। পরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে তনুর লাশ কুমিল্লার উদ্দেশ্যে রওনা করে।

এ সময় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীসহ জেলা পুলিশ, সিআইডি, ডিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

এদিকে লাশ উত্তোলনের খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজারো উৎসুক জনতা কবরের আশপাশে ভিড় জমায় এবং তনু হত্যার বিচার দাবিতে মিছিল করে। এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।