পেরদানা পুত্রায় নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
পেরদানা পুত্রায় নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় সংবর্ধনা/ছবি- সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ রোববার পুত্রাজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী মোদী পেরদানা পুত্রা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

jagonews24

এরপর প্রধানমন্ত্রী মোদী রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের ফার্স্ট ব্যাটালিয়নের (সেরিমনিয়াল) তিনজন কর্মকর্তা ও ১০৩ সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন। গার্ড অব অনারের নেতৃত্ব দেন মেজর মুহাম্মদ নুর আদ্দিন মুস্তাজা এবং ব্যান্ড পরিচালনা করেন রয়্যাল রেঞ্জার রেজিমেন্ট সেন্ট্রাল ব্যান্ডের ক্যাপ্টেন (ডম) মোহাম্মদ ফাহমি হারুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাজিল, ডিজিটালমন্ত্রী গোবিন্দ সিং দেও, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইলসহ মন্ত্রিসভার সদস্যরা, বিদেশি কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

jagonews24

প্রধানমন্ত্রী মোদীর এ সফরটি ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রীয় সংবর্ধনার পর আজই সিরি পেরদানা কমপ্লেক্সে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদীর সম্মানে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ আয়োজন করা হবে।

শুক্রবার উইসমা পুত্রার এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে মালয়েশিয়া–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শ্রম, পর্যটন, যোগাযোগ, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

jagonews24

বৈঠক শেষে উভয় নেতা দুর্নীতি দমন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা এবং শ্রম খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করবেন।

এছাড়া সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, জাতীয় নিরাপত্তা ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) খাতে নোট বিনিময়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা বিষয়ে পত্র বিনিময় এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA) সংক্রান্ত একটি কাঠামোগত চুক্তি উপস্থাপন করা হবে।

jagonews24

অর্থনৈতিক দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে দুই দেশের মোট বাণিজ্য পরিমাণ দাঁড়ায় ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত (১৮.৫৯ বিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে মালয়েশিয়ার রপ্তানি ছিল ৫২.৩ বিলিয়ন রিঙ্গিত এবং আমদানি ২৭.১৯ বিলিয়ন রিঙ্গিত।

মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাম অয়েল ও পামভিত্তিক কৃষিপণ্য এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, আর আমদানির বড় অংশ জুড়ে রয়েছে কৃষিপণ্য, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]