কোরবানির গরু কিনে ছাগল ফ্রি পেলে ছাগলের বিধান কী?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৩ মে ২০২৬
কোরবানির গরু কিনে ছাগল ফ্রি পেলে ছাগলের বিধান কী? ছবি: জেমিনি এআই

প্রশ্ন: কোরবানির বড় গরুর সঙ্গে অনেক সময় ছাগল ফ্রি দেওয়া হয়। এ রকম ফ্রি পাওয়া ছাগলের বিধান কী? এই ছাগলও কি কোরবানি করা জরুরি? এই ছাগল দিয়ে একজনের কোরবানি হবে নাকি এটি গরুর অন্তর্ভুক্ত গণ্য হবে?

উত্তর: কোরবানির বড় গরু কিনে ছাগল ফ্রি পাওয়া গেলে ছাগলটি গরুর মালিক/ মালিকদের মালিকানাধীন পশু হিসেবে গণ্য হবে। তারা চাইলে ছাগলটি কোরবানি করতে পারেন, লালন-পালনের জন্য রেখেও দিতে পারেন, চাইলে ছাগলটি বিক্রিও করে দিতে পারেন অথবা কাউকে উপহার হিসেবেও দিয়ে দিতে পারেন

ওই ছাগলটি যদি কোরবানির উপযুক্ত হয়, তাহলে সেটি দিয়ে অন্য ছাগলের মতোই যে কারও পূর্ণ কোরবানি হবে। এটি গরুর অন্তর্ভুক্ত গণ্য হবে না।

কোন পশু কোন বয়সে কোরবানির উপযুক্ত হয়?

কোরআনে আল্লাহ কোরবানি করতে বলেছেন ‘বাহিমাতুল আনআম’ বা হিংস্র নয় এমন গৃহপালিত চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। রিজিক হিসেবে তাদের যেসব ‘বাহিমাতুল আনআম’ দিয়েছি সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। (সুরা হজ: ৩৪)

তাই খাওয়া হালাল এমন যে কোনো পশু দিয়ে কোরবানি করা যায় না। হরিণ, বন্যছাগল, নীলগাই ইত্যাদি খাওয়া হালাল হলেও এগুলো দিয়ে কোরবানি করা যায় না। কোরবানি করতে হবে ছয় ধরনের গবাদি পশু দিয়ে। সেগুলো হলো- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।

উট কোরবানির জন্য তা কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। এরকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।