সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু শরীফ বাহিনীর ২ সদস্য আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় দস্যুদের কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা বনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালায়। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ শরীফ বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়। এসময় আটক দস্যুদের কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।
আটক বনদস্যু মো. রবিউল শেখ (৩০) বাগেরহাটের রামপাল ও রাজন শরীফ (২০) মোড়েলগঞ্জের বাসিন্দা। রাজন শরীফ মূলত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুতাসহ সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
জব্দকৃত অস্ত্র-গুলি ও আটককৃত দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের সকল বনদস্যু বাহিনী নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের দুইটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠ বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।
আবু হোসাইন সুমন/এফএ/এমএস