জাকাতের টাকায় গণইফতার, ইসলাম কী বলে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৮ মার্চ ২০২৬
জাকাতের টাকায় গণইফতারের আয়োজন করা যাবে? ছবি: ফ্রিপিক

প্রশ্ন: জাকাতের টাকা দিয়ে গণইফতারের আয়োজন করলে জাকাত আদায় হবে?

উত্তর: ইসলামে জাকাত দেওয়ার কিছু নির্দিষ্ট খাত আছে। যে কোনো নেক কাজে খরচ করলে জাকাত আদায় হয় না। যেমন মসজিদ নির্মাণের কাজে ব্যয় করলে জাকাত আদায় হয় না। ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সবার উপকার হবে এমন কল্যাণকর কোনো কাজে ব্যয় করলেও জাকাত আদায় হয় না। জাকাত ব্যয়ের খাতগুলো বর্ণনা করে আল্লাহ বলেন, নিশ্চয় সদাকা হচ্ছে দরিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; তা বণ্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা: ৬০)

সুতরাং জাকাতের টাকা দিয়ে এমন গণইফতারের আয়োজন যদি করা হয় যেখানে ধনী-দরিদ্র সব মানুষ ইফতার করবে, তাহলে জাকাত আদায় হবে না।

জাকাতের টাকায় শুধু দরিদ্রদের জন্য গণইফতারের আয়োজন করলে জাকাত আদায় হতে পারে যদি ইফতারসামগ্রীর ব্যাগ বা বক্স দরিদ্রদের পূর্ণ মালিক বানিয়ে দিয়ে দেওয়া হয়, দরিদ্র ব্যক্তি চাইলে ওই খাবার খেতে পারে, চাইলে তার বাসায় বা অন্য কোথাও নিয়ে যেতে পারে।

জাকাতের টাকায় দরিদ্রদের জন্য গণইফতারের আয়োজন করলে এবং যেখানে আয়োজন করা হয়েছে, শুধু সেখানে বসে খাওয়ার সুযোগ দেওয়া হলে জাকাত আদায় হবে না। যেহেতু এ ক্ষেত্রে জাকাতের হকদারকে খাবারের পূর্ণ মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না, শুধু খাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আর জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো, জাকাত গ্রহণের যোগ্য কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো অভাবী, দরিদ্র বা ঋণগ্রস্তকে জাকাতের সম্পদ বা অর্থের পূর্ণ মালিক বানিয়ে দিতে হবে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।