তাসনিম জারার মন্তব্য
গুমের শিকার পরিবারগুলো যে কারণে ন্যায়বিচার পায়নি
বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার না পাওয়ার কারণ সম্পর্কে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. তাসনিম জারা। ৩ এপ্রিল দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি এ বিষয়ে পোস্ট করেন।
ডা. তাসনিম জারা লিখেছেন, ‘সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।
একটু ভেবে দেখুন: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি গুমের অভিযোগ ওঠে, আর সেই তদন্তের জন্য যদি খোদ সরকারের কাছেই অনুমতি চাইতে হয়, তাহলে কি কখনো সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব? বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো তো এই অনুমতি না পাওয়ার কারণেই ন্যায়বিচার পায়নি।
রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।
আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।’
এসইউ