পাকিস্তানি হামলায় নিহত তিন আফগান ক্রিকেটারের পরিচয়
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নিহত হয়েছেন তিন আফগান ক্রিকেটার। তারা হলেন কবির, সিবগাতুল্লাহ আতাল ও হারুন খান। তিন ক্রিকেটারসহ বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গভীর শোক প্রকাশ করে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
শনিবার এক বিবৃতিতে এসিবি জানায়, ‘পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় পাকতিকা প্রদেশের উরগুন জেলার তিন সাহসী ক্রিকেটার শহীদ হয়েছেন। আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায় ও ক্রিকেট পরিবারের জন্য এটি এক বিরাট ক্ষতি।’
নিহত তিন ক্রিকেটার শরানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকায় স্থানীয় এক সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানেই হামলার শিকার হন তারা।
কারা ছিলেন এই তিন ক্রিকেটার?
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলা থেকে উঠে আসা তিন তরুণ ক্রিকেটার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এই তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।

কাবীর (কাবীর আগা)
- পরিচিতি: কাবীর, যিনি স্থানীয়ভাবে কাবীর আগা নামেও পরিচিত, তিনি পাকতিকার উরগুন জেলার একজন উদীয়মান প্রতিভা।
- খেলার ধরণ: তিনি একজন আক্রমণাত্মক টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত।
- সাফল্য: ঘরোয়া কাঠামোয় আঞ্চলিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন এবং সম্প্রতি এসিবি’র সাউদার্ন ক্রিকেট কমিটির আয়োজিত যুব টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলেছেন।
- ভবিষ্যৎ সম্ভাবনা: জেলা লিগগুলিতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে ২০২৬ সালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ প্রাদেশিক ক্যাম্পে সংক্ষিপ্ত তালিকাভুক্তির সম্ভাবনা ছিল।
সিবগাতুল্লাহ
- পরিচিতি: সিবগাতুল্লাহ ছিলেন পাকতিকার একজন তরুণ মিডিয়াম-ফাস্ট বোলার, যিনি স্থানীয় এসিবি-স্বীকৃত টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণকারী উরগুন ওয়ারিয়র্স ক্লাবের হয়ে খেলতেন।
- খেলার ধরণ: তিনি তার ধারালো তীক্ষ্ণ ইনসুই ও নিয়ন্ত্রিত বোলিং এবং নেতৃত্বগুণের জন্য সবার নজর কেড়েছিলেন।
- নেতৃত্বের গুণ: তাকে গত বছরের পাকতিকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্বের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছিল।
- কোচিং মন্তব্য: কোচেরা তাকে একজন সুশৃঙ্খল ক্রিকেটার এবং শক্তিশালী নেতৃত্বের অধিকারী হিসেবে বর্ণনা করতেন। তিনি অঞ্চলের ক্রিকেট একাডেমিতে জুনিয়র বোলারদের মেন্টরিং করার প্রতিও অত্যন্ত আগ্রহী ছিলেন।
হারুন
- পরিচিতি: হারুন ছিলেন একজন প্রতিশ্রুতিশীল অল-রাউন্ডার।
- খেলার ধরণ: তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং অফ-স্পিনার হিসেবে স্থানীয় টি-২০ এবং টেপ-বল লিগগুলিতে নাম করেছিলেন।
- শিক্ষা ও ক্রিকেট: তিনি ক্রিকেটকে পূর্ণকালীন পেশা হিসেবে অনুসরণ করার পাশাপাশি একটি স্থানীয় কলেজে পড়াশোনাও করছিলেন।
- বিশেষত্ব: সম্প্রতি তিনি একটি প্রাদেশিক উন্নয়ন ক্যাম্পে যোগ দেন এবং উরগুন জেলার অন্যতম বহুমুখী তরুণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন।
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান
এই হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তারা অংশ নেবে না।
আফগান দলের অধিনায়ক রশিদ খান এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় অসংখ্য নারী, শিশু ও তরুণ ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। এটি একেবারেই অনৈতিক ও বর্বরোচিত। নাগরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা মানবাধিকারের চরম লঙ্ঘন।’
আইএইচএস/