৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

রোমাঞ্চকর এক ম্যাচ হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজে। ৫ গোলের লড়াইয়ে ১০ জনের ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। প্রথমার্ধে দুই গোল হজম করেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

গতকাল চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় চেলসি। বিসখারার পাস থেকে সপ্তম মিনিটে জারোড বোয়েনের গোলে এগিয়ে যায় হ্যামাররা।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। এই গোলটিও আসে ওয়ান বিসাখার অ্যাসিস্ট থেকে। গোলটি করেন সামারভিল্লে। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার পর জেগে ওঠে স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণ করে দিশেহারা করে তোলে অতিথিদের। এমন আক্রমণের সফলতা আসে ৫৭ মিনিটে। ব্যবধান কমান জোয়াও পেদ্রো। ওয়েসলি ফোফানার পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান।

ব্যবধান কমালেও ম্যাচে সমতা ফেরানোটাও জরুরি ছিল ব্লুজদের জন্য। সেটিও সম্ভব হয়েছে তবে ৭০ মিনিটে। গোল করেন মার্ক কুকুরেয়া। ম্যাচ যখন সমতায় তখন মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হবে খেলা।

কিন্তু শেষ মুহূর্তে নায়ক হয়ে সেটি হতে দেননি এনজো ফার্নান্দেজ। পেদ্রোর পাস থেকে জয়সূচক করে চেলসির জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন।

এই জয়ের পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হ্যাম।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।