জামায়াত আমির

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ছবি: ভিডিও থেকে নেওয়া

১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির চট্টগামবাসীর উদ্দেশে বলেন, ‘চট্টগ্রাম মহানগরী শুধু বন্দরনগরী নয়, শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ‘উই রিভল্ট’ (আমরা বিদ্রোহ করি)। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদের স্যালুট। এ গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন।’

আরও পড়ুন
একদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না: জামায়াত আমির
বিএনপি ভাড়াটেদের দলে পরিণত হয়েছে: অলি আহমদ
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চট্টগ্রাম বন্দর দুর্নীতিমুক্ত করবো 

তিনি বলেন, ‘কেন তিনি (অলি) আজ আক্ষেপ করে বলেন- আমি লড়াই করেছি রণাঙ্গণে, আমি জাতীয়তাবাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলাম জিয়াউর রহমানের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নেই, থাকতে পারিনি। কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়।’

এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় দলের প্রধান শফিকুর চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ ও খাগড়াছড়ি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা এবং চট্টগ্রাম-৮ আসনে ভোটের শরিক দল এনসিপির প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন।

এর আগে এদিন দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপি এখন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল নেই। দলটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।

অলি আহমদ বলেন, একটা ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকে চাঁদা তোলা হয়। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। চাঁদাবাজদের সঙ্গে থেকে রাজনীতি করতে চাই না।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।