মুশফিক আজ বড় কিছু করবেন, প্রথম ঘণ্টার ব্যাটিং দেখেই বুঝেছিলেন আশরাফুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ মে ২০২৬

সেই টেস্ট অভিষেক থেকে বহুদিন একসঙ্গে খেলা মোহাম্মদ আশরাফুল মুশফিকুর রহিমের চালচলন, হাবভাব, ব্যাটিং কৌশল, ধরন, অ্যাপ্রোচ—সব খুব ভালো জানেন। বোঝেন।

আজ ১৮ মে সিলেটে মুশফিকের প্রথম ঘণ্টার ব্যাটিং অ্যাপ্রোচ দেখেই আশরাফুলের মনে হয়েছিল কিছু একটা হবে। এবং সেটা সেঞ্চুরিই।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘প্রথম ঘণ্টায় তার সতর্ক ও সাবধানী ব্যাটিং দেখেই মনে হচ্ছিল যে আজকে সহজে আউট হবে না। উইকেট দিয়ে আসবে না। প্রত্যেক বলে খুব ফোকাসড ছিল। একদম শতভাগ মনোযোগ ও মনঃসংযোগ নিয়ে খেলেছে। আজকে উইকেটটাও আরও ভালো হয়েছে। উইকেটের পেস ও বাউন্স চমৎকার ছিল। মুশফিক তার লং এক্সপেরিয়েন্স দিয়ে ব্যাটিংটা করেছে। টিমের দরকার ছিল বড় পার্টনারশিপ। শুরুতে শান্ত আউট হয়ে যাওয়ার পর লিটনের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে তুলল মুশফিক। লিটন আউট হওয়ার পর তাইজুলের সাথেও মিলে আরও ৭৭ রানের বড় জুটি তৈরি করলো। দৃঢ়প্রতিজ্ঞ ছিল আজকে একটা বিগ হান্ড্রেড উপহার দেবে। আল্লাহ তাআলা তার সে ইচ্ছে পূর্ণ করেছেন। প্রথম আওয়ার ব্যাটিং দেখেই মনে হচ্ছিল আজকে কিছু একটা করবে। করেছেও।’

আশরাফুলের কথা, ‘আমরা যারা দলের সঙ্গে আছি সবাই এটা নিয়ে গর্ববোধ করি। আমাদের একজন প্লেয়ার আছে, যে রোল মডেল। তাকে দেখে আমাদের লাইফস্টাইল তৈরি করতে পারি।’

এমন খেলোয়াড়কে কোচিং করাতে পেরেও নিজেকে ভাগ্যবান মনে করেন আশরাফুল, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে টিমের পার্ট হতে পেরেছি। মুশফিকের ৯৯ এবং শততম টেস্টে একসাথে থাকতে পেরেছি। ১০০তম টেস্ট খেলতে দেখেছি। বাংলাদেশের কোনো ক্রিকেটার ১০০ টেস্ট খেলেনি। মুশফিকই প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললো। আমি সেটা ড্রেসিং রুম আর ডাগআউটে বসে দেখেছি। তার প্রথম টেস্টেও আমি দলে ছিলাম। আমার অধিনায়কত্বে সে খেলেছে। আমিও তার অধিনায়কত্বে খেলেছি।’

‘সে আমার ক্যারিয়ারসেরা যে ১৯০ রানের ইনিংস, সেই ম্যাচের ওই ইনিংসে মুশফিক প্রথম ২০০ করেছে। এখন শেষ ৪টা টেস্ট আমি টিমের ব্যাটিং কোচ হিসেবে আছি। ৪ টেস্টের মধ্যে মুশফিক ২টা হান্ড্রেড করল, ১০০ নম্বর টেস্ট আর আজকে’-তৃপ্তি ব্যাটিং কোচ আশরাফুলের কণ্ঠে।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।