মুশফিকের ঘরের ফেরার খবর নিশ্চিত করলেন তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০২ মার্চ ২০২৬

পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে গিয়েছিলেন বাংলাদেশ দলের মুশফিকুর রহিম। কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি। ইসরায়েল আক্রমণ করে বসে ইরানে। ফলে পুরো মধ্যপ্রাচ্যে দেখা দেয় অস্থিরতা। ফলে দেশে ফিরতে চেয়েও ফেরা হয়নি তার।

জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি রওনা হয়েও যুদ্ধের কারণে আবারও জেদ্দায় ফেরত আসেন তিনি। এক ফেসবুক পোস্টে সেটি নিজেই নিশ্চিত করেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।

গতকাল পরিবারের বরাত দিয়ে জাগোনিউজ পাঠকদের জানিয়েছিল, বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন মুশফিকুর রহিম।

অবশেষে নিরাপদে বাসায় পৌঁছালেন তিনি। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন মুশফিকের সহধর্মিনী জান্নাতুল কিফায়েত মন্ডি। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। যারা আমার খোঁজখবর নিয়েছেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সকল আপনজনকে অসংখ্য ধন্যবাদ’

চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সবকিছু শান্ত হওয়ার দোয়াও করেছেন মুশফিকের স্ত্রী, ‘আমরা দোয়া করি, ইন শা আল্লাহ, পৃথিবীর পরিস্থিতি খুব শিগগিরই শান্ত ও স্বাভাবিক হয়ে উঠুক।’

উল্লেখ্য, গতকাল মধ্যরাতে মুশফিক নিজেই বিমানে নিজের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেন দেশের উদ্দেশে রওনা দেওয়ার বিষয়টি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।