প্রথমবার অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২২ মার্চ ২০২৬

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়ায় ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ হবে এটা। শান্ত-লিটনরা ফেরার পরপরই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে বাংলাদেশ নারী দল। আইসিসির নারী ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে আগামী ২০২৬ সালের অক্টোবরে ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সফর করলেও সেখানে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার সুযোগ হয়নি সালমা-জ্যোতিদের।

এই সফরে বাংলাদেশের মেয়েরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সফরের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ অক্টোবর, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির ম্যাচ। ওয়ানডে লড়াই শেষে দুই দল পাড়ি জমাবে সিডনিতে। সেখানে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পরিবর্তে নর্থ সিডনি ওভালে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৮, ২০ ও ২২ অক্টোবর অনুষ্ঠেয় এই ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায়।

পরিসংখ্যানের বিচারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও সুখকর নয়। ২০২০ সালের বিশ্বকাপে খেলা চার ম্যাচের সবকটিতেই হারতে হয়েছিল টাইগ্রেসদের। এছাড়া দুই বছর আগে ঘরের মাঠে খেলা একমাত্র দ্বিপাক্ষিক সিরিজেও তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির একটিতেও জয়ের মুখ দেখেনি নিগার সুলতানা জ্যোতির দল। সব মিলিয়ে অজিদের বিপক্ষে খেলা ১০টি আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ।

এসকেডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।