ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ভোর ৩টায় ‘এক ঝাঁক আক্রমণকারী ড্রোন’ দিয়ে মা’আলত-তারশিহা বসতিতে অবস্থিত একটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।
ইরান যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয় বারের মতো ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হলে তারা হামলা অব্যাহত রাখবে বলেও সতর্ক করেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য জানিয়েছে।
কেপিসি জানিয়েছে, ঘটনার সময় ট্যাংকারটি সম্পূর্ণ বোঝাই ছিল ও হামলায় জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর জাহাজে আগুনও লেগে যায়, যার ফলে আশেপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে সংগঠনটি জানিয়েছে, এই হামলায় কেউ আহত হয়নি ও সব নাবিক নিরাপদে আছেন। এ নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয়বারের মতো কোনো তেলবাহী ট্যাংকার বা জাহাজে হামলার খবর পাওয়া গেলো। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ৩১ নটিক্যাল মাইল (৫৭ কিমি) উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায় ও সেটিরও সব নাবিক নিরাপদে আছেন।
টিটিএন