সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বসবেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ১১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গেই আলোচনায় বসছেন। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসেছিলেন। এবার আজ সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাবগুলোর সঙ্গে বসবেন বিসিবি সভাপতি। সিসিডিএম’র একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।

গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে জয়ী হয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠন হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে। তবে শুরু থেকেই ওই নির্বাচনে একাধিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আসছিল ঢাকার শীর্ষ ৩৯টি ক্লাব। প্রতিবাদস্বরুপ বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগেই অংশ নেয়নি তারা। কোনোরকমে দায়সারা ভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করে বুলবুলের বিসিবি। যেখানে ঢাকার ৪০টি ক্লাব অংশই নেয়নি। এতে করে শুরু করলেও লিগ শেষ করা যায়নি।

গত মঙ্গলবার গেলো নির্বাচনে অনিয়ম প্রমান হওয়ায় বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর দায়িত্ব নিয়েই পরের দিন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সেখানে চলতি মাসেই দলবদল এবং আগামী মাসের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ আয়োজনে জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়।

তবে প্রশ্ন থেকে যায়, বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে শুরু হওয়া দায়সারা প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ কি হবে! কারণ সেখানে তো বেশিরভাগ ক্লাব বোর্ডের বিপক্ষে অবস্থান নিয়ে অংশই নেয়নি। মূলত এসব বিষয় নিয়েই আজ বিসিবি সভাপতি ও ক্লাবগুলোর আলোচনা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি অফিসে শুরু হবে এই সভা।

ক্লাবপক্ষের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে বুলবুলের সময়ে শুরু হওয়া দায়সারা লিগ বাতিল করার প্রস্তাব দেওয়া হতে পারে। এখন যেহেতু সব ক্লাবই খেলায় ফিরছে, সেহেতু নতুন করে লিগ শুরু করতে সভাপতিকে প্রস্তাব দিতে পারেন ক্লাবের প্রতিনিধিরা। আরেকটি সূত্র অবশ্য বলছে, বুলবুলের সময়ে শুরু হওয়া লিগ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইতিমধ্যে শীর্ষ কয়েকটি ক্লাব বাতিলের পক্ষে সোচ্চার হচ্ছে বলেই জানা গেছে। সেক্ষেত্রে সব ক্লাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আবার শুরু হতে পারে।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।