পিএসএলে দর্শক ফেরানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন নকভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটে পাকিস্তান সুপার (পিএসএল) লিগের ম্যাচগুলো আয়োজিত হচ্ছে মাত্র দুটি স্টেডিয়ামে এবং দর্শকহীন।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, চলমান পিএসএলে দর্শক ফেরানোর বিষয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলবেন।

করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নকভি বলেন, স্টেডিয়ামে দর্শক ফেরাতে পিসিবি সর্বোচ্চ চেষ্টা করবে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থেকে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, আঞ্চলিক সংকট ও সরকারি সাশ্রয়ী নীতির কারণে পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। একই সঙ্গে টুর্নামেন্ট সীমিত করা হয় করাচি ও লাহোর, এই দুই ভেন্যুতে, যাতে জনসমাগম কমানো যায়।

পরে অবশ্য বেশকিছু ফ্র্যাঞ্চাইজি মালিক গ্যালারিতে দর্শক ফেরানোর দাবি জানান। তাদের মতে, দর্শক ছাড়া পিএসএলের পরিবেশ ও আকর্ষণ অনেকটাই কমে যায়। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

নকভি আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেন, চ্যালেঞ্জের মধ্যেও তারা সফলভাবে টুর্নামেন্ট পরিচালনা করছে। তবে সূচিতে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে গেটমানি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট খরচ বহন করবে বোর্ড।

পাশাপাশি ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় অবকাঠামো উন্নয়ন বা পুনর্নির্মাণ নিয়েও পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।