তবুও হালান্ড বলছেন, গোল অনেক কম হয়ে গেছে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড স্বীকার করেছেন, চলতি বছরের শুরু থেকে তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং তাকে আরও উন্নতি করতে হবে। সাম্প্রতিক সময়ে গোলখরায় ভুগলেও কোনো অজুহাত দিতে চান না নরওয়ের এই ফরোয়ার্ড।

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। ম্যাচের ৮৪ মিনিটে বার্নার্ডো সিলভার সমতাসূচক গোলের ক্ষেত্রেও অবদান রাখেন তিনি। তবে ম্যাচজয়ী পারফরম্যান্স সত্ত্বেও প্রিমিয়ার লিগে ওপেন প্লে থেকে তার শেষ গোলটি এসেছে গত ২০ ডিসেম্বর ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে।

শেষ আটটি লিগ ম্যাচে তার ঝুলিতে এসেছে মাত্র দুটি গোল, দুটিই পেনাল্টি থেকে। যদিও এই মৌসুমে এখন পর্যন্ত ২১ গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে আছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার, তবুও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন তিনি।

সংবাদমাধ্যমকে হালান্ড বলেন, ‘এই বছরের শুরু থেকে আমি যথেষ্ট গোল করতে পারিনি। আমি জানি, আমাকে আরও উন্নতি করতে হবে। আমাকে আরও ধারালো হতে হবে এবং সব দিক থেকে ভালো করতে হবে। এটা এমন কিছু, যার ওপর আমাকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অজুহাত দিতে চাই না। কেন ভালো খেলতে পারিনি, সেটা নিয়ে কথা বলতে চাই না। ক্লান্তি অনেকটা মানসিক বিষয়ও। ম্যাচের সূচি খুব কঠিন, অনেক খেলতে হচ্ছে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিট থাকা এবং চোট এড়িয়ে চলা। তাহলে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব।’

অ্যানফিল্ডে জয় পাওয়ার ফলে ১৯৩৬-৩৭ মৌসুমের পর প্রথমবারের মতো লিগে লিভারপুলের বিপক্ষে ডাবল অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পেপ গার্দিওলার দলের ব্যবধান কমে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে।

আগামী ১৮ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার আগে বুধবার ফুলহামের বিপক্ষে জিতলে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার সুযোগ থাকবে সিটির।

শিরোপা লড়াই প্রসঙ্গে হালান্ড বলেন, ‘আমরা আগেও দেখেছি, শেষ না হওয়া পর্যন্ত শিরোপার লড়াই শেষ হয় না। এখন আমার জন্য গুরুত্বপূর্ণ হলো দ্রুত রিকভারি করা, ভালো খাবার খাওয়া এবং ফুলহাম ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। সামনে এখনও অনেক ম্যাচ বাকি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।