স্প্যানিশ ক্লাবের মালিকানায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

রোনালদোর নতুন প্রতিষ্ঠান সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে এই বিনিয়োগটি সম্পন্ন হয়েছে। যা কিনা একটি শাখা তার মূল কোম্পানি সিআরসেভেন এসএএর। আর্থিক লেনদেনের পরিমাণ প্রকাশ্যে আনা হয়নি। এটিকে বর্ণনা করা হয়েছে দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে।

ক্লাবের মালিকানা কেনার পর এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘মাঠের বাইরে থেকেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা আমার দীর্ঘদিনের। ইউডি আলমেরিয়া একটি শক্ত ভিত্তিসম্পন্ন স্প্যানিশ ক্লাব, যার উন্নতির সম্ভাবনা রয়েছে। আমি ক্লাবের নতুন বিকাশপর্বে নেতৃত্বদানকারী দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

রোনালদোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল-খেরেইজি , ‘আমরা অত্যন্ত আনন্দিত যে রোনালদো আমাদের ক্লাবকে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন। তিনি মাঠে যেমন সেরা, তেমনি স্প্যানিশ লিগ সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে এবং আমরা এখানে যে সম্ভাবনা গড়ে তুলছি, তা তিনি ভালোভাবেই বোঝেন।’

লিগ টেবিলে রোনালদোর ক্লাব আলমেরিয়ার অবস্থান তৃতীয় স্থানে। শীর্ষস্থান থেকে পিছিয়ে মাত্র দুই পয়েন্টে। লিগে এখনও ১৫ ম্যাচ বাকি থাকায় প্রমোশনের সমূহ সম্ভাবনা রয়েছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।