শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল, করবে আপিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৮ মার্চ ২০২৬

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সেনেগাল। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে।

আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, বিতর্কিত ম্যাচের ফলাফলের ভিত্তিতে সেনেগালের কাছ থেকে কেড়ে নিয়ে শিরোপা দেওয়া হচ্ছে মরক্কো ফুটবল দলকে। টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দুই মাস পর এমন সিদ্ধান্ত আসে, যা ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংস্থার আপিল বোর্ডের দাবি, ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল দল মাঠ ছেড়ে চলে যায়। ১৫ মিনিট মাঠের বাইরে থেকে আবার ফিরে আসে। এরপর অতিরিক্ত সময়ের গোলে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড নতুন করে এই ম্যাচটি নিয়ে রায় দিয়েছে এবং জানিয়েছে, সেনেগাল দল মাঠ ছেড়ে যাওয়ার কারণে নিয়মানুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ধরা হয় এবং প্রতিপক্ষ মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সেনেগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এটিকে ‘অন্যায্য, নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ফেডারেশন জানায়, ‘সেনেগালের ফুটবলের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস-এ আপিল করবো।’

এদিকে, সেনেগাল ফুটবল ফেডারেশনের এক সদস্য জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ। সামনে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের নির্বাহী কমিটির বৈঠক রয়েছে, যেখানে বিষয়টি আরও উত্তপ্ত হতে পারে।

সব মিলিয়ে, আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা নিয়ে এই বিতর্ক এখন নতুন মোড় নিয়েছে। সেনেগালের আপিলের পর বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গড়ালে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগতে পারে, তবে এই ঘটনাটি আফ্রিকান ফুটবলে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।