এবারও ভুটান লিগে খেলবেন বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার
গত বছর ভুটানের ঘরোয়া নারী লিগে বাংলাদেশের ১৫ জন ফুটবলার অংশ নিয়েছিলেন। ২০২৬ মৌসুমেও বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার দেখা যাবে ভুটানের ঘরোয়া লিগে।
এরই মধ্যে অতিথি খেলোয়াড়দের সাথে চুক্তি শুরু করেছে ভুটানের ক্লাবগুলো। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার যোগ দিয়েছেন পারো এফসিতে। আজ (বৃহস্পতিবার) ক্লাবটির সাথে চুক্তি সম্পন্ন করেছেন সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের এই ডিফেন্ডার।
সাতক্ষীরা থেকে মাসুরা পারভীন জাগো নিউজকে বলছিলেন, ‘আজই চুক্তিপত্রে সই করে দিয়েছি। আরো কয়েকজন পারো এফসিতে যাবেন। গতবার ওই দলে খেলা মনিকা চাকমাও নাকি খেলা নিশ্চিত করেছেন।’ তবে মনিকা চাকমা বলেছেন, ‘পারো এফসি থেকে প্রস্তাব পেয়েছি। এর বেশি কিছু হয়নি। শুনেছি এপ্রিলের শেষের দিকে লিগ হবে।’

গত মৌসুমে পারো এফসিতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ক্লাবটি সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণাকে এবারও পেতে চাইছে। তাদের নজরে বাংলাদেশের ৯ ফুটবলার। গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড সাগরিকা ও সেন্টারব্যাক কোহাতি কিসকুও আছেন ক্লাবটিতে যোগ দেওয়ার অপেক্ষায়। তবে একটি সূত্র জানিয়েছে, ঋতুপর্ণার বিষয়টি এখনো ঝুলে আছে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায়।
গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।
আরআই/আইএইচএস/