সিঙ্গাপুর পৌঁছেছেন হামজা-শামিতরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ মার্চ ২০২৬

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর পৌঁছেছে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে। এই ম্যাচ দুই দলের জন্য দুই রকম।

সিঙ্গাপুর এরই মধ্যে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে আর বাংলাদেশ বিদায় নিয়েছে। আগের ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। শেষ ম্যাচ জিতলে ৮ পয়েন্ট নিয়ে সম্মানজনক একটা অবস্থানে থেকে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করতে পারবে।

বাংলাদেশের পাঁচ ম্যাচের দুটি ছিল অ্যাওয়ে। কোনো অ্যাওয়ে ম্যাচ হারেনি। ভারতের বিপক্ষে গোলশূন্য আর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরে হেরে তাদের মাটিতে কি ফল করতে পারে বাংলাদেশ সেটাই এখন দেখার।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে হামজা-শামিতরা বৃহস্পতিবার ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভিয়েতনামের বিপক্ষে। তবে প্রস্তুতি সুখকর হয়নি। হ্যানয়ে হওয়া ওই ম্যাচ বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হবে এপ্রিলে। চুক্তি নবায়ন হবে কিনা অনেকটাই নির্ভর করছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সের ওপর। ক্যাবরেরা চুক্তি নবায়নে আগ্রহী। তবে ফুটবল ভক্তরা ক্যাবরেরাকে মোটেও সহ্য করতে পারছে না।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।