৫৫ বলে সেঞ্চুরি, মুলতানের অবিশ্বাস্য জয়ে ফারহানের দাপট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০২ এপ্রিল ২০২৬

সাহিবজাদা ফারহানের অনবদ্য এক সেঞ্চুরিতে চলমান পিএসএলের অষ্টম ম্যাচে ২২৬ রানের লক্ষ্য তাড়া করে হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়েছে মুলতান সুলতানস। ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান।

ওপেনিংয়ে নামা ফারহান অপরাজিত থাকেন মাত্র ৫৭ বলে ১০৬ রান করে। যেখানে ছিল ৮টি ছক্কা ও ৭টি চার।

ফারহান বেশ ভালো সমর্থন পেয়েছিলেন ওপেনিংয়ের সঙ্গী স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক শান মাসুদের। দুজন যথাক্রমে ৪৬ ও ২৯ রান করেন। পরে আরাফাত মিনহাসের সঙ্গে ৩৭ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করেন তিনি। মিনহাস করেন ১১ বলে ২৬ রান।

কিংসম্যানদের হয়ে সাইম আইয়ুব ছিলেন সেরা বোলার, চার ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মহেশ থিকশানা ও হাসান খান নেন একটি করে উইকেট।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফারহান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান তোলে হায়দরাবাদ কিংসম্যান।

উদ্বোধনী জুটিতে সাইম আইয়ুব ও মাজ সাদাকাত ৫ ওভারে তোলেন ৫৯ রান। পরে পিটার সিডলের বলে তাকেই ক্যাচ দিয়ে ২০ বলে ২৭ রান করে ফেরেন আইয়ুব।

দশম ওভারে মোহাম্মদ নওয়াজের শিকারে পরিণত হওয়ার আগে মাজ সাদাকাত জুটি গড়েন অধিনায়ক মারনাস লাবুশেন ও উইকেটকিপার ব্যাটার উসমান খানের সঙ্গে। ২০ বছর বয়সী সাদাকা করেন ২৬ বলে ৬২ রান। যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার।

সাদাকাতের বিদায়ের ১০ বল পর বিদায় নেন উসমানও। যখন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ডিপ ফাইন লেগে ক্যাচ নেন শেহজাদ গুল। এতে ১১.২ ওভারে ৪ উইকেটে ১২৭ রানে পড়ে কিংসম্যান। এরপর অভিজ্ঞ সারজিল খান ব্যাটিংয়ের হাল ধরেন এবং ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন, যেখানে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার।

শেষদিকে সৈয়দ সাদ আলি ও মুহাম্মদ ইরফান খানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। সাদ আলি করেন ২৩ এবং ইরফান খান অপরাজিত থাকেন ২২ রানে।

মুলতানের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নওয়াজ, সিডল ও অধিনায়ক অ্যাশটন টার্নার নেন একটি করে উইকেট।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।