উইম্বলডন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজ
হাতের কবজির চোটের কারণে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্ত জানান দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন।
গত মাসে বার্সেলোনা ওপেনে খেলতে গিয়ে কবজিতে চোট পান বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলকারাজ। সেই চোটের কারণেই তিনি চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেছেন। এবার একই ইনজুরির কারণে মিস করতে হচ্ছে ঘাসের কোর্ট মৌসুমের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডনকেও।
এছাড়া উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে পরিচিত কুইন্স ক্লাবের এইচএসবিসি চ্যাম্পিয়নশিপ থেকেও নিজের নাম প্রত্যাহার করেছেন আলকারাজ। উল্লেখ্য, এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তিনি।
এক্সে দেওয়া পোস্টে আলকারাজ লিখেছেন, আমার পুনর্বাসন ভালোভাবে এগোচ্ছে এবং আমি আগের চেয়ে ভালো অনুভব করছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডনের ঘাসের কোর্ট মৌসুম থেকে সরে দাঁড়াতে হচ্ছে। এই দুটি টুর্নামেন্ট আমার জন্য খুবই বিশেষ এবং এগুলো মিস করব।
চলতি বছরের শুরুতেই ইতিহাস গড়েছিলেন আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়েন তিনি।
উইম্বলডনেও ছিল তার দাপুটে উপস্থিতি। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার শিরোপা জেতেন আলকারাজ। দুইবারই ফাইনালে হারান সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে। তবে গত বছর ফাইনালে ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তার।
এমএমআর