চেন্নাইয়ে গাজীর পরীক্ষা ২৪ জানুয়ারি


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ মিশনে ২৪ জানুয়ারি বিমান ধরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর ওই একই তারিখে চেন্নাইয়ের বিমানে চড়তে হবে অফস্পিনার সোহাগ গাজীকে। নিষেধাজ্ঞার বেড়া ডিঙিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনে চেন্নাই যাবেন গাজী। সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।

বোলিং ত্রুটির কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল স্পিনার সোহাগ গাজীকে। তবে বোলিং অ্যাকশনে ত্রুটি কাটাতে মাঝের সময়টায় বেশ কঠোর শ্রমই দিয়েছেন তিনি। গাজীর বিশ্বাস নতুন এই বোলিং অ্যাকশনে আরও বেশি স্পিন করাতে পারবেন তিনি। এর আগে অবশ্য ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষায় পাস করতে হবে তাকে।

সোহাগ গাজী জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকের মতো একই সমস্যা ছিল তার। বর্তমানে বল ডেলিভারি দেওয়ার সময়টায় পা ফেলানোর সমস্যা ঠিক করে ফেলায় বাকি সব সমস্যাও ঠিক হয়ে গেছে। নতুন অ্যাকশনে আরও বেশি বল টার্ন করাতে পারব।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি পুরনো বোলিং অ্যাকশন ভুলে গেছি। তবে সব মিলিয়ে বড় কোনো পরিবর্তন আনিনি, যা করেছি তাতে আমি সন্তুষ্ট, নতুন বোলিং অ্যাকশনে ঘরোয়া ক্রিকেটে ভাল করেছি।’

তবে চেন্নাইয়ের পরীক্ষায় ব্যর্থ হলে অন্তত আগামী ১ বছর আর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না সোহাগ গাজী। এক্ষেত্রে ভেবেচিন্তেই তিনি চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেছেন।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরকালে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা গাজীর বোলিং নিয়ে আপত্তি তুলেছেন। নিয়মানুযায়ী তাই কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছে। ওই পরীক্ষায় সোহাগ গাজীর সব ধরনের ডেলিভারিতেই কনুই নির্ধারিত ১৫ ডিগ্রি সীমার চেয়ে বেশি বেঁকে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাই সাময়িকভাবে গাজীর বোলিং করার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোলিং ত্রুটি সারিয়ে নিতে পারলে ফের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সোহাগ গাজী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।