আফ্রিকার বর্ষসেরা ইয়াইয়া তুরে
আগেই থেকেই গুঞ্জন চলছিল, বৃহস্পতিবার সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হয়েছে, ফের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়াইয়া তুরে। প্রথম ফুটবলার হিসেবে টানা চুতর্থবারের মতো এই পদক জয় করেছেন তিনি। এক জমকালো অনুষ্ঠানে তুরের হাতে তুলে দেওয়া হয়েছে পদকটি।
এই পদক জয়ের পথে নিজ দেশ আইভরি কোস্টের জার্সিতে যত না, এরচেয়েও বেশী ভূমিকা রেখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে তুরের পারফরমেন্স। ৩১ বছর বয়সী তুরে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে ম্যানসিটিকে যথেস্টই সহায়তা করেছেন। লিগ কাপও জিতেছে ম্যানসিটি। ইংলিশ লিগে ওই মৌসুমে ২০ গোল করেছিলেন ইয়াইয়া তুরে। ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে একটি গোলও করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে গত বছর নিজ দেশ আইভরি কোস্টকে আফ্রিকা নেশন্স কাপ ২০১৫ আসরের মূল পর্বে টেনে নিয়েছেন তুরে।
আফ্রিকার বর্ষসেরা পদক জয়ের পথে এবার ইয়াইয়া তুরের দুই বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্যাবনের তারকা ফরোয়ার্ড পিয়েরি-এমেরিক আওবামিয়াং এবং নাইজেরিয়া জাতীয় দলের গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা।