মামুনুলদের প্রেরণায় ৯৯
বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয়ের জন্য মামুনুলদের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ গেমস। ঐ আসরে প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে হেরেও শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার ঐ আসরের প্রথম ম্যাচেই মালদ্বীপের কাছে হেরেছিল জুয়েল রানার নেতৃত্বে বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিল লাল-সবুজের দল। সাফ গেমসের সেমিফাইনালে শক্তিশালী ভারতও দাঁড়াতে পারেনি বাংলাদেশের সামনে। আর ফাইনালে স্বাগতিক নেপালকে হতাশায় ডুবিয়ে কাঠমান্ডুর আকাশে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন জুয়েল রানারা। ১৬ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে মামুনুলরা। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এবারও সেই লংকানদের বিপক্ষে নান্দনিক ফুটবল প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় বাংলার ফুটবলাররা। সাফ গেমসের শিরোপা জেতার পথে যে স্পিরিট কাজ করেছিল বেঙ্গল টাইগার্স শিবিরে,একই স্পিরিট বর্তমান দলেই আছে। বলা যায় তার চেয়ে বেশি।
বাংলাদেশ অধিনায়ক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বলেন তো বলেই দিয়েছেন শেষটা ভালো করতে চাই আমরা। মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচ হারলেও এখন আমরা ফাইনালে। আমি ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে দেখছি না। আমি বলব শেষ ভালো যার,সব ভালো তার।
এমআর/এমএস