প্রস্তুতি ম্যাচে ভারতের বড় হার
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজে হারের পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও হারলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।
গতকাল অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি। অধিনায়কের সিদ্ধান্তের তাৎপর্য প্রমাণ করে ৪৮ ওভার দুই বলে ৩৭১ রানের পাহাড় গড়েন অসি ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ১২২ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। মাত্র ৫৭ বলে ১১টি চার ও আটটি ছয়ে এই রান করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নারও। ৮৩ বলে ১০৪ রান করেন তিনি। এ ছাড়া ৪৪ রান করেন জর্জ বেইলি। ভারতের হয়ে তিনটি উইকেট মোহাম্মদ সামি। দুটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও মোহিত শর্মা।
পরে ৩৭২ রানের পাহাড় সামনে রেখে ব্যাটিং করতে নেমে ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারত। দলের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও ধোনি এই ম্যাচে কিছুই করতে পারেননি। ২০ বলে ১৮ করে বিদায় নেন কোহলি আর প্রথম বলেই আউট হয়ে যান ধোনি। তারপরও দলের জন্য চেষ্টা করেছেন শিখর ধাওয়ান (৫৯),অজিঙ্কা রাহানে (৬৬) ও আম্বাতি রাইডু (৫৩)। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক,মিচেল জনসন ও হ্যাজলউড।
এমআর/আরআইপি