চাপমুক্ত ইংল্যান্ড : অধিনায়ক মরগান
বিশ্বকাপের শুরুতেই টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড।স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের বড় জয় পেয়েছে ইংলিশরা। আইসিসি’র সহযোগী দল সত্বেও এই জয়টির ফলে ইংলিশরা কিছুটা চাপ মুক্ত হয়েছে বলেই মনে করেন দলীয় অধিনায়ক এউইন মরগান।
খেলা শেষে ম্যাচ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মরগান বলেন, আজকের এই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু পাওয়া গেছে। দুই অপেনার মইন আলী ও ইয়ান বেলের রানে ফেরা, ওপেনারদের ১৭২ রানের পার্টনারশীপ, যা দলের জন্য ইতিবাচক দিক। দুই ওপেনার আলী ও বেলের যথাক্রমে ১২৮ ও ৫৪ রান সংগ্রহের পর মরগান দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করলেও দলের বাকী কোন ব্যাটসম্যানই উল্লেখ করার মত সংগ্রহ দাঁড় করাতে পারেনি। দলের ৫ ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ১০ রান কিংবা এর কম। যে দলটি ৩০ ওভারে বিনা উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে সেই দলটিই বাকী ২০ ওভারে ১৩১ রান যোগ করতে গিয়ে হারিয়েছে ৮ উইকেট।
মরগান বলেন, আপনাকে সব সময় নিজের সামর্থ্যরে চেয়ে বেশী করার চিন্তা করতে হবে। কিন্তু শেষ ৫ ওভারে আমরা সেটি করতে পারিনি। মরগান আরও বলেন, তবে ৩০০ রানের সংগ্রহ আমাদের দারুণভাবে আত্মবিশ্বাস যুগিয়েছে। তবে টানা দুই হারের ঘটনায় আমি কখনো আতংকিত হইনি। এটি মানতেই হবে যে আমাদের জন্য দুটি কঠিন ম্যাচ ছিল। তবে সেখানে সঠিক পারফর্মেন্স করতে না পারাটা ছিল আমাদের জন্য হতাশার।
এমআর/এমএস