স্কটল্যান্ডকে ১৪৮ রানে হারালো শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়ার হোবার্টের বেলারভি মাঠে পুল `এ` এর ম্যাচে স্কটল্যান্ডকে ১৪৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেওয়া ৩৬৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে ২১৫ রানেই গুটিয়ে গেছে স্কটল্যান্ডের ইনিংস। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ফ্রেডি কোলম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন প্রিসটন মমসেন। রিচি বেরিংটন ২৯ ও ম্যাট মাচান ১৯ রান সংগ্রহ করেন।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকেরা ও দুষ্মন্ত চামিরা তিনটি করে উইকেট শিকার করেন। লাসিথ মালিঙ্গা নেন দুটি উইকেট। থিসারা পেরেরা ও তিলেকারত্নে দিলশান একটি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নেমে সাঙ্গাকারা-দিলশানের জোড়া সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন সাঙ্গাকারা-দিলশান।
আউট হওয়ার আগে ১০টি চার ও একটি ছক্কায় ৯৯ বলে ১০৪ রান করেন দিলশান আর ৯৫ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলার পথে সাঙ্গাকারা মেরেছেন ১৩টি চার ও চারটি ছয়। জয়াবর্ধনে আউট হয়েছেন মাত্র ২ রান করে।
শেষ দিকে অধিনায়ক ম্যাথুস ২১ বলে ৫১ আর কুশল পেরেরা ১৩ বলে ২৪ করলে ৩৬৩ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের পক্ষে জজ ডেভি নেন ৩ উইকেট।
বিএ/পিআর