পদত্যাগ করলেন জয়সুরিয়া
কোয়ার্টারে প্রোটিয়াদের কাছে বাজে হার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। পরবর্তী নির্বাচক কমিটির নির্বাচনের আগে ক্রিকেট পরিচালনার জন্য নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। এর ফলে শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন জয়সুরিয়া। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দেশটির ক্রিকেট বোর্ড থেকে পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে তার মেয়াদকালে শ্রীলংকা সফলতা অর্জন করে। তার সময়কালে ২০১৪ টি ২০ বিশ্বকাপ, একই বছর এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতে লংকানরা। এছাড়া ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও ওঠে তারা।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন,আমি সত্যিই অনেক গর্বিত এই ভেবে যে,আমার সময় শ্রীলংকা দল টি ২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা জিতেছে। তাছাড়া দীর্ঘ প্রতীক্ষিত ইংল্যান্ড সিরিজও (ইংল্যান্ডের মাটিতে) জিতেছে।
শ্রীলংকান ক্রিকেটের মঙ্গল কামনা করে এই সাবেক লংকান অধিনায়ক জানান, বোর্ড চাইলে যেকোনো সময় সাহায্য করতে প্রস্তুত তিনি। জয়সুরিয়া বলেন, ভবিষ্যতে যদি দেশের সেবা করার জন্য শ্রীলংকান ক্রিকেট বোর্ড আমাকে প্রয়োজন মনে করে তবে তাদের সাহায্য করতে আমি সদা প্রস্তুত। শ্রীলংকান ক্রিকেটের সাফল্য কামনা করছি।
এমআর/এমএস