তামিম কি পারবেন
পরপর দুই ম্যাচে ধারাবাহিক শতক করার পর তামিম ইকবালের প্রতি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বেড়ে গেছে। প্রত্যাশা বেড়েছে বাংলাদেশ দলেরও। তৃতীয় ম্যাচেও কি আরেকটা শতক? এই প্রশ্নের উত্তর যে তামিমের পক্ষেও দেওয়া সম্ভব নয়, সেটা জানা।
তবে পুরো জাতির দৃষ্টি যেমন মিরপুরের স্টেডিয়ামে, একই সঙ্গে তামিমের দিকে। টানা তিন শতক করার স্বপ্ন নিশ্চয়ই গোপনে হলেও উঁকি দিচ্ছে মনে।
তা ছাড়া এমন তো নয় যে, ওয়ানডেতে টানা তিন শতক আগে কেউ করেননি। এ কীর্তি আছে সাতজনের। গত বিশ্বকাপে তো কুমার সাঙ্গাকারা টানা চারটি শতক করার কীর্তিও গড়ে ফেললেন। তাহলে তামিম পারবেন না কেন?
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ১৩২ ও অপরাজিত ১১৬। স্বপ্নের কথাটা মুখে না আনলেও আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিমও আছেন সাঙ্গাকারা-সাঈদ আনোয়াদের তালিকায় নাম ওঠানোর অপেক্ষায়।
বাংলাদেশের হয়ে এর আগে টানা দুই ওয়ানডেতে শতক ছিল শাহরিয়ার নাফীস ও মাহমুদ উল্লাহর। পরের ম্যাচে ৬৭ রানে আউট হয়ে গিয়ে টানা তিন শতকের দেখা পাননি শাহরিয়ার।
আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে টানা তৃতীয় শতকের সম্ভাবনার ম্যাচে মাহমুদউল্লাহ করেন ২১। মিরপুরে আজ তামিম কি পারবেন ব্যতিক্রম হতে?
এসএ/এমআর/বিএ/এমএস