অধিনায়কের শতকে বড় সংগ্রহের পথে পাকিস্তান


প্রকাশিত: ১১:২০ এএম, ২২ এপ্রিল ২০১৫

ধবলধোলাই এড়াতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অভিষিক্ত সামি আসলামকে সঙ্গে নিয়ে সতর্কভাবে ইনিংস শুরু করেন আজহার আলী। তারা দুজনে মিলে ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দেন। ঠিক তখনই ১৮তম ওভারের শেষ বলে আঘাত হানেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। তার আঘাতে ফিরে যান প্রথম ম্যাচ খেলতে নামা সামি আসলাম। নসিরের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫০ বলে ৪৫ রান করেন তিনি। সামি আসলামের বিদায়ের পর ব্যাটিংয়ে আসা মোহাম্মদ হাফিজও দ্রুত বিদায় নিলে বাংলাওয়াশ হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান শিবির। তবে দ্রুতই সেই শঙ্কা পেছনে ফেলে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক শতক তুলে নেন আজহার আলী। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতক পেতে ১১১ বল খেলেন তিনি। এসময় বাউন্ডারি হাকান ১০টি।  

একই সঙ্গে হারিস সোহেলের (৪৯) সঙ্গে ৯৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান পাকিস্তান অধিনায়ক।

বাংলাদেশ দলের কাছে আগেই সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থেকে বাংলাওয়াশ এড়াতে সতর্ক শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দিচ্ছেলেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

#এবার সানির আঘাত : পাকিদের দ্বিতীয় উইকেটের পতন

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।