বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ এপ্রিল ২০১৫

বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৩য় ম্যাচেও টানা জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর পর বিশাল ব্যবধানে প্রথমবারের মতো সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক দারুণ উদযাপন তো বটেই, সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে পরিবেশিত হয়েছে টাইগারদের এই জয়ের খবর আর ছবি।

খোদ পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডন বাংলাদেশের জয়ে প্রতিবেদনের শিরোনামে বাংলাদেশের সামনে পাকিস্তানকে ‘অসহায়’ বলে উল্লেখ করেছে। তাদের শিরোনাম ছিল- ৩-০: অসহায় পাকিস্তানকে বাংলাদেশের ঐতিহাসিক হোয়াইটওয়াশ।

গাল্ফ নিউজ তাদের প্রতিবেদনে বাংলাদেশের খেলার ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশের জয়ের পর তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল- পাকিস্তান বধ সম্পন্ন করলো বাংলাদেশ। একই সঙ্গে পত্রিকাটি সৌম্য সরকারের খেলার প্রশংসা করে বাংলাদেশের ক্রিকেটারদের ‘টাইগার’ বলেই সম্বোধন করেছে তাদের উপ-শিরোনামে।

যুক্তরাষ্ট্রের ব্লিচার রিপোর্টের ফিচারড কলামিস্ট আঁতোয়ানেত মুলার এই সিরিজের ‘বিজয়ী এবং হেরো’ শিরোনামে একটি ফটো ফিচার করেছেন, যাতে তিনি বাংলাদেশের ওয়ান-ডে ক্রিকেটের দক্ষতা ও অবস্থানকে ‘উইনার’ আখ্যা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের বোলারদেরও তিনি ‘উইনার’ হিসেবে দেখিয়েছেন। আর হেরো বা ‘লুজার’ হিসেবে তুলে ধরেছেন পাকিস্তান দলের ওয়ান-ডে খেলার প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাঈদ আজমলকে।

আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম শুরুই করেছে ‘হোয়াইটওয়াশ’ দিয়ে। তাদের শিরোনাম ছিল- হোয়াইটওয়াশড: পাকিস্তানকে ওয়ান-ডে সিরিজে পরাস্ত করলো বাংলাদেশ। আল জাজিরা তাদের উপ-শিরোনামে বাংলাদেশের ফর্ম কে ‘দারুণ!’ (স্টানিং) বলে উল্লেখ করেছে।

এছাড়া নিউ জিল্যান্ড হেরাল্ডসহ আরো বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর এসেছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। 

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।