বাংলাদেশ সফরে আসতে পারে জিম্বাবুয়ে
চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে বিষয়টি আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেল।
সম্প্রতি এক প্রশ্নের জবাবে ক্যাম্পবেল নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে আসার সম্ভাবনার কথা বলেছেন। গত বছরও একই সময়ে বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরে এলে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলার আশাবাদ জানান ক্যাম্পবেল।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরের শেষ দিকে একটি চার জাতি ওয়ানডে সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছিল। সম্ভাব্য সেই টুর্নামেন্টে বাংলাদেশের সাথে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের অংশ নেওয়ার কথা বলেছিল বিসিবি।
এমআর/পিআর