যুব বিশ্বকাপে চোখ আইপিএলের খুদে নায়কের


প্রকাশিত: ০৮:০১ এএম, ০২ মে ২০১৫

আইপিএলে দিন দুই আগের কথা। ২১ বলে ৪৫ অপরাজিত এক ইনিংস খেলার পর বিরাট কোহলি চেয়ার ছেড়ে উঠে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি আর কেউ নন আইপিএল এর কনিষ্ঠতম ক্রিকেটার রয়েল চ্যালেঞ্জারের সতেরো বছর বয়সী সরফরাজ খান।
 
আরসিবির সতেরো বছরের সরফরাজ খান আইপিএলের মঞ্চকে দেখছেন আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে নিজের অন্তর্ভুক্তির দরজা হিসেবে। সন্দীপ সিংহ, সঞ্জু স্যামসন, কুলদীপ সিংহেরা আইপিএলে ভাল খেলার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছে। সেখানেও ভাল খেলেছে। আমারও সেটাই ইচ্ছে। এমনটাই জানান সরফরাজ।

ছয় বছর আগে সরফরাজ ৪২১ বলে ৪৩৯ রান করে স্কুল ক্রিকেটে শচীন টেন্ডুলকরের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছিল। সামনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ভারতের যুব দলের হয়ে সেটাও আমি খেলতে চাই।

গেইল, ডেভিলিয়ার্স, কোহলির মতো সুপারস্টারদের সঙ্গে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ড্রেসিংরুম ভাগ করতে কোনও চাপ অনুভব করছে কি না প্রশ্ন উঠলে সরফরাজের জবাব, ভিলিয়ার্স তো আমার ফেভারিট ক্রিকেটার। আর যাঁদের নাম করলেন, তাঁরা ছাড়াও আমাদের টিমের কোচ ড্যানিয়েল আমাকে দারুণ সাহায্য করছেন।

সবাই আমাকে বলেছেন, বেশি না ভেবে নিজের স্বাভাবিক ব্যাটিং করে যাও। বিশেষ করে ডেভিলিয়ার্স আমাকে একটু নার্ভাস দেখলেই ছুটে আসেন, আমাকে সাহস দেন। ভাল খেলার জন্য এর চেয়ে ভাল প্রেরণা আমার মতো এক জন তরুণের কাছে আর কী হতে পারে!

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।