ভয় পেল আইসিসি!
আইসিসির বিকল্প বা প্রতিদ্বন্দ্বী সংগঠন হওয়া-না হওয়ার খবরটি এখন আন্তর্জাতিক মিডিয়ার হটকেক। বিবিসিও বেশ গুরুত্বের সঙ্গে এই খবর প্রকাশ করেছে। আইসিসির প্রতিদ্বন্দ্বী সংগঠনটির উদ্যোগ নেয়া হচ্ছে খোদ ভারত থেকে। আর এ খবরে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা এতোটাই ভয় পেয়েছে যে সত্যি সত্যিই এমন কোন সংগঠন রেজিস্ট্রেশন করেছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে কী না, সে বিষয়ে তদন্তে নেমেছে আইসিসি।
ক্রিকেটকে আর খেলা না রেখে পুরোপুরি ব্যবসাপণ্য করে ফেলার অভিযোগ হরহামেশাই উঠছে আইসিসির বিপক্ষে। তিন মোড়লের অঙ্গুলি হেলনে চলে আইসিসি। সব কিছু নিয়ন্ত্রণ করে ভারত। ক্রিকেটপ্রেমীদের তাও কমবেশি জানা।
খবর অনুযায়ী,এর উদ্যোক্তা এসেল (Essel) গ্রুপ নামের একটি শিল্প প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক বিলিওনিয়ার সুভাষ চন্দ্র বলেছেন, ব্যবসা থাকবে। তবে খেলাটার প্রতি মূল দৃষ্টি দিয়ে বিশ্বব্যাপি ক্রিকেটের প্রসার করতে চান তারা। এবং এর পেছনে আছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিও।
পরিকল্পনা সফল করতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে প্রথম শিকার হিসেবে পরিকল্পনা করেছেন তারা। অস্ট্রেলিয়ায় “Australian Cricket Control Pty Ltd” এবং ইংল্যান্ডে “Cricket Association of England” দুটি সংগঠনের জন্য আবেদন করার চেষ্টা করছে এসেল গ্রুপ। অস্ট্রেলিয়ার বেশ কটি পত্রিকায় খবর এসেছে, বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে ১০ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেয়া হয়েছে মাইকেল ক্লার্ক আর ডেভিড ওয়ার্নারকে।
ক্রিকেটে কি চল্লিশ বছর আগের ইতিহাস ফিরে আসছে? ক্যারি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট কি আবারো নতুন রূপে আবির্ভাব হতে যাচ্ছে? ক্রিকেটবিশ্বে এখন এমন প্রশ্নেরই তোলপাড় চলছে! - বিবিসি
এমআর/আরআইপি