প্রিমিয়ার লিগে সুযোগ পাচ্ছে না দেশি ফরোয়ার্ডরা
প্রিমিয়ার লিগের ম্যাচ পর্যবেক্ষন করে সেরাদের নিয়ে দল গঠন করার লক্ষ্যে এবার অনেকটা আগে ভাগেই বাংলাদেশে ক্রুইফ। তবে লিগ পর্যবেক্ষণ করে দল গোছাতে খানিকটা বিপাকেই পড়তে হচ্ছে এই ডাচম্যানকে। কেননা বিদেশীদের দাপটে জাতীয় দলের অনেক তারকাকেই যে সময় কাটাতে হচ্ছে ডাগ আউটে বসেই।
তবে কোচ বলছেন, বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল গঠন করা হবে ফুটবলারদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই। পাশাপাশি লিগে ভালো খেলা তরুন ও অভিজ্ঞরাও প্রাথমিক দলে সুযোগ পাবে বলে জানিয়েছেন ক্রুইফ।
দেশের ফুটবলের অনেক বড় বড় তারকাদের নিজেদের ডেরায় ভিড়িয়ে দল গঠন করেছে শেখ জামাল। আবার বিদেশীদের ভিড়ে লিগে খেলতে না পারার সংখ্যাটা এ দলেই বেশি। তাই ম্যাচে স্থানীয় ফুটবলারদের কসরত দেখতে না পেয়ে জামাল,তকলিচদের অনুশীলন দেখতেই ক্লাব প্রাঙ্গনে হাজির ক্রুইফ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লোডউইক ডি ক্রুইফ বলেন,এটা ঠিক যে অনেক ফুটবলারই লিগে অনিয়মিত। তবে তাদের সম্পর্কে আমার একটা পূর্ব ধারনা আছে। সেখান থেকেই আমি দল গোছানোর চেষ্টা করব। প্রাথমিক দলে নতুনদের পাশাপশি অভিজ্ঞদেরও জায়গা হবে।
এদিকে,ভালো খেলেও মাঠে নামতে না পারার আক্ষেপ আছে ফুটবলারদের মাঝেও। তবে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে জায়গা পেলে, নিজেদের প্রমান করে মুল দলে জায়গা করে নেয়ার প্রত্যয় জানালেন তারা।
বিশ্বকাপ বাছাই উপলক্ষে আগামী ২১ মে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।
এমআর/আরআইপি