আইপিএল থেকে শ্রীনিবাসনের বিদায়
আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের মালিক ছিলেন দুর্নীতিতে বিতর্কিত সাবেক বিসিসিআই সভাপতি শ্রীনিবাসন। এবার নিজের মালিকানায় থাকা ২৯% সাবেক ক্রিকেটারদের জন্য পরিচালিত এক সংস্থাকে দিয়ে আইপিএল থেকে বিদায় নিলেন তিনি। তবে সেই সংস্থাটির মালিক আবার শ্রীনিবাসনেরই কোম্পানি ইন্ডিয়া সিমেন্টস।
গত জানুয়ারিতে ভারতের উচ্চ আদালত দুর্নীতির দায়ে বিসিসিআই নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড জানতে পারে,প্রভাব খাটিয়ে চেন্নাই সুপার কিংসের মূল্য দেখানো হয়েছিল মাত্র ৫ লাখ রুপি! অথচ খেলোয়াড় কেনাবেচাতেই কোটি কোটি রুপি খরচ করে আইপিএলের প্রতিটি দল। তার উপর আবার জগমোহন ডালমিয়ার নেতৃত্বে বর্তমান বোর্ডে শ্রীনিবাসনের পক্ষের লোক খুব কম। অবস্থা ভালো না বুঝতে পেরে দলটির মালিকানা ছাড়লেন ধুরন্ধর শ্রীনি।
বর্তমানে আইসিসি চেয়ারম্যান পদে থাকা শ্রীনিবাসন চাপে আছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাতেও। এই পদ থেকেও খুব শিগগিরই সরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমআর/আরআই