বোলিং করার অনুমতি পেলেন নারিন


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৭ মে ২০১৫

তৃতীয় বায়োমেক্যানিক্যাল অ্যানালিসিসের পর সুনীল নারিনকে বোলিং করার অনুমতি দিল বিসিসিআই। পাশাপাশি অবশ্য চূড়ান্ত সতর্কবাণীও দেওয়া হয়েছে ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারকে। এর ফলে চলতি আইপিএলে তাঁর বল করতে আর কোনও বাধা রইল না।

বিতর্কের সূত্রপাত চলতি আইপিএলে। গত ২২ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারের বিরুদ্ধে ফের অবৈধ অ্যাকশনের অভিযোগ ওঠে। এরপরই শনিবার ২৫ এপ্রিল চেন্নাইতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মনোনীত শ্রীরামচন্দ্র আর্থোস্কপি অ্যান্ড স্পোর্টস সায়েন্স সেন্টার (এসআরএএসএসসি)-এ এই তারকা বোলারের অ্যাকশনের বায়োমেট্রিক পরীক্ষা করানো হয়।

পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে গত ২৮ এপ্রিল নারিনের অফ-স্পিনারের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়, ম্যাচের ভিডিও ফুটেজ এবং পরীক্ষার ফলাফল খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর আবার চেন্নাইয়ে পরীক্ষা দেন কেকেআর স্পিনার। সেখানে বায়োমেক্যানিক্যাল অ্যানালিসিস করানো হয় এই ক্যারিবিয়ান তারকার। শেষ পর্যন্ত ভারতীয় বোর্ডের রায়ে শর্তসাপেক্ষ রেহাই। ফলে, এখন অফ-স্পিন করতে পারবেন এই অফ-স্পিনার।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।