‘মোহামেডানের জার্সিতে ফাইনাল, আমি রোমাঞ্চিত’

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১২ মে ২০২৬

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ওয়ারি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স হয়ে তিন মৌসুম আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন সৌরভ দেওয়ান। তরুণ এই ফরোয়ার্ড এতদিন নিজেকে সেভাবে চেনাতে পারেননি প্রত্যাশা অনুযাযী প্লেইং টাইম না পাওয়ায়।

প্রতিভাবান এই ফরোয়ার্ডকে সেভাবে ব্যবহার করতে পারেননি মোহামেডানের আগের কোচ আলফাজ আহমেদ। আলফাজের বিদায়ের পর বর্তমান কোচ আবদুল কাইয়ুম সেন্টু সৌরভকে ভালোভাবেই ব্যবহার করছেন। সুযোগ পেয়ে সৌরভ নিজের প্রতিভার সৌরভ ছড়াতে শুরু করেছেন।

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরামবাগের বিপক্ষে হ্যাটট্রিক করা সৌরভ মঙ্গলবার কোয়ালিফিকেশন রাউন্ডে ব্রাদার্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে। এই প্রথম টাঙ্গাইলের এই যুবক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবেন। ক্যারিয়ারের প্রথম ফাইনাল এবং তাও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের জার্সিতে। এ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌরভ। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে সৌরভ তার প্রতিক্রিয়া ও ভবিষ্যত লক্ষ্য নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সাথে।

প্রশ্ন: দারুণ একটি ম্যাচ হলো। আপনার জোড়া গোলে মোহামেডান উঠেছে ফেডারেশন কাপের ফাইনালে। কী অনুভূতি?

উত্তর: অনুভূতিতো অসাধারণ। লিগে খারাপ করার পর আমাদের চোখ ছিল ফেডারেশন কাপে। এখন ফাইনালে উঠেছি। আমাদের চেষ্টা থাকবে দলকে এই মৌসুমের ট্রফিটি উপহার দেওয়ার।

প্রশ্ন: মোহামেডানে আছেন তিন মৌসুমে। মোহামেডান তো এই সময় বেশ কয়েকটি ফাইনাল খেলেছে। আপনি আগে ফাইনাল খেলেছেন?

উত্তর: আমি যোগ দেওয়ার পর মোহামেডান চারটি ফাইনাল খেলেছে। দুইটি চ্যালেঞ্জ লিগ এবং একটি করে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ। আমি খেলতে পারিনি। যদি সুস্থ থাকি তাহলে আগামী ১৯ মে কিংসের বিপক্ষে ফাইনাল খেলবো।

প্রশ্ন: তো প্রথম ফাইনাল নিয়ে আপনার কেমন অনুভূতি?

উত্তর: আমি রোমাঞ্চিত। আগে কখনো ফাইনাল খেলিনি। প্রথম ফাইনালকে স্বরণীয় করে রাখতে চাই।

প্রশ্ন: আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা?

উত্তর: আমি টাইঙ্গাইল শহরের ছেলে। বিশ্বনাথ দাদা ও সুমন রেজা ভাইয়ের এলাকায় আমার বাসা।

প্রশ্ন: এই মৌসুমে আপনার গোল কয়টি?

উত্তর: সেভাবে খেলার সুযোগ পাইনি। এখন খেলছি। লিগে আছে একটি গোল। ফেডারেশন কাপে একটি হ্যাটট্রিকসহ ৬টি।

প্রশ্ন: কখনো জাতীয় বা বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন?

উত্তর: না। এখনো সুযোগ হয়নি।

প্রশ্ন: এখন আপনার লক্ষ্য কি?

উত্তর: লিগে আমাদের দুটি ম্যাচ বাকি। এই ম্যাচ দুটি ভালোভাবে শেষ করা, ফেডারেশন কাপের ফাইনালে ভালো খেলে দলকে শিরোপা উপহার দেওয়া।

প্রশ্ন: জাতীয় দল নিয়ে কোনো লক্ষ্য আছে কি?

উত্তর: অবশ্যই। একজন খেলোয়াড়ের প্রধান স্বপ্নই থাকে জাতীয় দলে খেলা। সামনে বাংলাদেশের ম্যাচ আছে। জাতীয় দল ঘোষণা হবে। যদি ক্যাম্পে ডাক পাই তাহলে চেষ্টা করবো মূল দলে সুযোগ করে নিতে।

জাগো নিউজ: আপনাকে ধন্যবাদ।

সৌরভ দেওয়ান: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।