বার্সেলোনা বিশ্বের সেরা ফুটবল ক্লাব : রুমেনিগে
মঙ্গলবার বার্সেলোনার কাছে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়ঁজ এরিনাতে যদিও দ্বিতীয় লেগের ম্যাচটিতে স্বাগতিকরা ৩-২ গোলের জয় তুলে নেয়। কিন্তু এক সপ্তাহ আগে ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ৩-০ গোলে পরাজিত হওয়ায় দুই লেগ মিলিয়ে বাদ পড়েছে জার্মান জায়ান্টরা। আর স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করার পরে বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কাল-হেইঞ্জ রুমেনিগে অকপটেই স্বীকার করেছেন বার্সেলোনাই বিশ্বের সেরা দল।
যদিও পশ্চিম জার্মানীর এই কিংবদন্তী নিজের দলের কৃতিত্বকে প্রশংসাই করেছেন। কিন্তু একইসঙ্গে বলেছেন, দুই লেগেই বার্সেলোনা তাদের থেকে ভাল খেলেছে।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে রুমেনিগে বলেছেন, আমি মনে করি একটি দল হিসেবে আমরা দারুন করেছি। খেলোয়াড়রা দারুন লড়াই করে তিন গোল দিয়েছে। কিন্তু একইসঙ্গে দূর্ভাগ্যবশতঃ দুই গোলও হজম করেছে। পুরো ১৮০ মিনিটের পারফরমেন্সে বার্সেলোনর জয়টা প্রাপ্য ছিল। কিন্তু আমরা মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি। বার্লিনে আরেকবার আমরা যেতে পারলাম না। কিন্ত সম্ভবত বিশ্বের সেরা দলের কাছেই আমরা পরাজিত হয়ে বিদায় নিচ্ছি। এরপরেও আমি বলবো টানা চতুর্থবারের মত সেমিফাইনালে খেলার কৃতিত্বও অনেক বড় কিছু।
আরএস/আরআই