যিনি তুললেন বিশ্বকাপে, সেই বয়স্ক কোচকেই ফিরিয়ে আনলো কুরাসাও
বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগে আবারও কোচ পরিবর্তন কররো বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ কুরাসাও। দেশটির ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটকে আবারও জাতীয় দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনা দাবি করেছেন, ফ্রেড রুটেনের পদত্যাগের পেছনে কোনো ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ বা ‘চাপ’ কাজ করেনি।
৭৮ বছর বয়সী অ্যাডভোকাট গত বছর কুরাসাওকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে তুলে এনে আলোচনায় আসেন। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে রেকর্ড গড়ে কুরাসাও। তবে মেয়ের অসুস্থতার কারণে পরে দলটির দায়িত্ব ছেড়ে দেন সাবেক নেদারল্যান্ডস, সান্ডারল্যান্ড ও রেঞ্জার্স কোচ।
তার জায়গায় দায়িত্ব নেন ফ্রেড রুটেন। কিন্তু রুটেনের অধীনে মার্চে ফিফা সিরিজে চীন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই হারে কুরাসাও। এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রুটেন।
কুরাসাও ফুটবল ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনা জানিয়েছেন, ‘রোববার রুটেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর সোমবার আমি ডিক অ্যাডভোকাটের সঙ্গে যোগাযোগ করি।’
তিনি আরও বলেন, ‘মৌসুম শেষে কুরাসাও স্কটল্যান্ড সফরে যাবে একটি প্রীতি ম্যাচ খেলতে। সেটা কঠিন ম্যাচ হবে। যদি দল ভালো ফল করতে না পারে, তাহলে বিশ্বকাপের মাত্র ১৪ দিন আগে জাতীয় দলের কোচ নিয়ে নতুন বিতর্ক শুরু হতো, যা দলের জন্য ভালো হতো না। দলের স্বার্থের কথা ভেবেই রুটেন এই সিদ্ধান্ত নিয়েছেন।’
রুটেনের বিদায়ের পেছনে কোচিং স্টাইলের পার্থক্যজনিত দ্বন্দ্ব ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মার্টিনা বলেন, ‘কোচ পরিবর্তনের সময় কিছুটা ঝামেলা থাকেই। ডিকের কোচিং স্টাইল একরকম, রুটেনের আরেকরকম। তাই কিছু পার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক। তবে সেটাই তার পদত্যাগের কারণ নয়।’
অ্যাডভোকাট এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করলে তিনিই হবেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। আগামী ১৪ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও। একই গ্রুপে রয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টও।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩০ মে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাম্পডেন পার্কে একটি প্রীতি ম্যাচ খেলবে কুরাসাও। সেই ম্যাচেই আবার ডাগআউটে দেখা যাবে অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটকে।
আইএইচএস/